শিক্ষা

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনা খালিয়াজুরীতে এসএসসি সমমানের পরীক্ষা/২৬ এর প্রস্তুতি মূলক সভা ১৩ এপ্রিল রোজ সোমবার বেলা ১২" ০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলায় এস এস সি ও সমমানের পরীক্ষা/২৬ এর জন্য খালিয়াজুড়ি সদর ইউনিয়নের খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪০১ জন শিক্ষার্থী ও কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ে ৩০৫ জন শিক্ষার্থীসহ দুইটি কেন্দ্রে মোট ৭৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রবীন্দ্র চন্দ্র বিশ্বাস সভাপতি মহোদয়কে অবহিত করেছেন। সভাপতি মহোদয় বলেন, প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সি সি ক্যামেরা স্থাপন করা হবে। উক্ত ক্যামেরা দ্বারা শিক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করা সহজ হবে, ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণে লাইটিং ও সিলিং ফ্যানের ব্যাবস্থা রাখা হবে। বর্তমান সরকার আমাদেরকে দেশ নকল মুক্ত করার জন্য " আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন ইনশাআল্লাহ। এ সময় কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ের কেন্দ সচিব সজল কুমার শাহ,খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকরী কেন্দ্র সচিব দীপঙ্কর দত্ত রায় সহ হল সুপার গণ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন
১৩ এপ্রিল, ২০২৬,সোমবার

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর পরিসংখ্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে সদর ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে কৃষ্ণপুর ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দুই কেন্দ্রে মোট ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন (২ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) অনুপস্থিত ছিল। অর্থাৎ ৫৩৬ জন পরীক্ষার্থী প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও নিরাপত্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ বছর পরীক্ষা কেন্দ্র ও ভেনুর প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এই ‘ভিন্ন আঙ্গিকের’ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সিলিং ফ্যান, লাইটিং ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। খালিয়াজুড়ি কেন্দ্রে: একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান দায়িত্ব পালন করেন। কৃষ্ণপুর কেন্দ্রে: উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও সমবায় অডিট অফিসার মোঃ কামাল উদ্দিন দায়িত্ব পালন করেন। এছাড়া সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন ও কৃষ্ণপুর সরকারি কলেজ ভেনুতেও পৃথক কর্মকর্তারা তদারকির দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ইউএনও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
২১ এপ্রিল, ২০২৬,মঙ্গলবার

যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণায় ১০ উপজেলার শিক্ষার্থীদের বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীল ও যুক্তিনির্ভর মনন গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী এবং তাদের সাথে ৩০ জন শিক্ষক এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা প্রাণবন্ত এ আয়োজনে ঢাকা-সহ সারাদেশ থেকে আগত প্রখ্যাত বিতার্কিক ও অতিথি বক্তারা প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের প্রাথমিক ধারণা, যুক্তি উপস্থাপন কৌশল, বক্তব্যের সঠিক কাঠামো গঠন, তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণের মতো বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল হাতে-কলমে শেখানো হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সাবলীল সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে এবং প্রশিক্ষণ সেশনে অতিথি বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের মানসিক বিকাশ, বিশ্লেষণী ক্ষমতা এবং যেকোনো পরিস্থিতি যুক্তির আলোকে বিচার করার সক্ষমতা অর্জন করতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে বিতার্কিক তুলে আনতে এবং শিক্ষার্থীদের মাঝে বিতর্কের শিল্পকে জনপ্রিয় করতে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের দিকনির্দেশনা নেত্রকোনায় মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর নতুন প্রজন্ম গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২২ আগস্ট, ২০২৬,শনিবার

খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিক মাহমুদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, অলিদুজ্জামান মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন । প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, একমাত্র শিক্ষক ও অভিভাবকদের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আর এর জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। উক্ত অভিভাবক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সুদীপ সরকার ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। উক্ত অভিভাবক সমাবেশে মুক্ত আলোচনায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, "আপনাদের সন্তানদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা এবং বাসায় নিয়মিত পড়ালেখা করছে কিনা, সেদিকে নজর রাখা অভিভাবকদের দায়িত্ব। সভা থেকে কঠোরভাবে জানানো হয় যে, সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। আসন্ন নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কোনো শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় পাস করতে না পারলে তাকে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকগণের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
২৫ আগস্ট, ২০২৬,মঙ্গলবার
